সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে রেলওয়ে কলোনি স্কুলসংলগ্ন সড়কের বেহাল দশা দেখার যেন কেউ নাই
তারিকুল আলম, রাজশাহী বুরো
প্রকাশের সময় :
শনিবার, ১১ জুলাই, ২০২৬
৬৬
০০ বার পড়া হয়েছে
রাজশাহী বুরো
সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অবকাঠামোগত উন্নয়ন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। ফলে স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ী এবং বৃদ্ধদের নিত্যদিনের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, এস বি রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মার্কাস মসজিদ, বাজার স্টেশন হয়ে ট্রাক ইউনিয়ন করিতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি হলেই এসব সড়ক কাদা ও পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় দুর্ভোগের। বিশেষ করে বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন কাদা-পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে, যা তাদের নিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।
এলাকাবাসী জানান, সড়কের পাশেই দীর্ঘদিন ধরে ডাস্টবিনের ময়লার স্তূপ পড়ে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। শুষ্ক মৌসুমে ধুলাবালি এবং বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতা—দুই মৌসুমেই ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।
বাসিন্দারা আরও বলেন, এলাকায় কোনো কার্যকর ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দিনের পর দিন জমে থাকে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পাশাপাশি মশা-মাছির উপদ্রব বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন রোগব্যাধির ঝুঁকিও বাড়ছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে।
স্থানীয় অভিভাবকদের ভাষ্য, প্রতিদিন শিশুদের কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। অন্যদিকে ব্যবসায়ীরাও জানান, দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় তাদের ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে।
এলাকাবাসীর দাবি, সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হওয়া সত্ত্বেও এ এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। তারা দ্রুত সড়ক পাকা করা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং ডাস্টবিন ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।