
সত্য প্রকাশ ডেস্ক
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ চলাকালে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। এ সময় ১৩৪ কেজি ইলিশ মাছ ও ৪টি লাইফ বোট জব্দ করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার (২৩ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমানের নেতৃত্বে বৈরাগ ইউনিয়নের কাফকো জেটি ও চাইনিজ ঘাট এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে সাগর থেকে অবৈধভাবে ইলিশ শিকার করে ফিরছিল এমন ৪টি লাইফ বোট আটক করা হয়। বোটগুলোর ১৫ জন জেলেকে গ্রেফতার করা হয় এবং ১৩৪ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এএসআই রুবেল মজুমদার ও এএসআই আলীম উল্যাহ বাদী হয়ে কর্ণফুলী থানায় দুটি পৃথক মামলা দায়ের করেছেন।
মামলা দুটি মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারায় রুজু করা হয়েছে।
তদন্তভার এসআই বিকাশ সাহা ও এসআই মুহাম্মদ আরিফুল আলম অপু’র ওপর অর্পণ করা হয়েছে।
অফিসার ইনচার্জ মিজানুর রহমান যুগান্তরকে বলেন,
“মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে। কারও অবৈধভাবে মাছ ধরার সুযোগ দেওয়া হবে না।”