
মোঃ আরমান হোসেন
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকার ১ নং ওয়ার্ডে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ১ নং ওয়ার্ডের সচিব সুমা আক্তার দক্ষিণ পানিশাইল সোনালী পল্লি এলাকায় আর এস দাগ নং ২২০-এর উপর প্রায় দশ শতাংশ সরকারি জমিতে অনুমোদন ছাড়াই অস্থায়ী ওয়ার্ড কার্যালয় স্থাপন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জায়গাটি গাজীপুর সিটি কর্পোরেশনের মালিকানাধীন সরকারি খাসজমি। অথচ কোনো ধরনের প্রশাসনিক অনুমতি বা উচ্চপর্যায়ের অনুমোদন ছাড়াই সেখানে বাউন্ডারি ওয়াল করে স্থাপনা ও ঘর নির্মাণের কাজ করছেন ।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে— “সচিব সুমা আক্তার এত সাহস কোথায় পেলেন?”
ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, সরকারি জায়গা দখল করে কার্যালয় নির্মাণের পেছনে ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে।
এব্যপারে সচিব সুমা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বলেন বর্তমানে কাজ বন্ধ আছে, এ বিষয়ে আর কোন মন্তব্য দিতে রাজি হননি।
গাজীপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি তাদের জানা নেই। তারা বলেন, “যদি অনুমতি ছাড়া কোনো সরকারি জায়গায় স্থাপনা তৈরি করা হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, সরকারি সম্পত্তি ব্যক্তি বা স্থানীয় কর্মকর্তাদের অনিয়ন্ত্রিত ব্যবহারে গেলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়।