
মোঃ রোমান হোসেন
ঢাকা জেলার ডিবি (উত্তর)–এর অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কুঠুরিয়া তৌহিদ নিটওয়্যার গার্মেন্টসের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)–এর দিক নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ এ অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর)–এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন। তার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া ও সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ৭০ বছর বয়সী মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনকে হাতে–নাতে আটক করেন। তার কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই আসামি জয়নাল আবেদীন আশুলিয়া এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম ওই স্থানে অবস্থান নিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জয়নাল আবেদীন মৃত আঃ রহমান মজিবরের ছেলে। তার বাড়ি আশুলিয়ার আউটপাড়া এলাকায়।
এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।