
মোঃ রোমান হোসেন
সাভারের হেমায়েতপুর এলাকায় বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডের একটি মার্কেটে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটাস্থলে গিয়ে আগুন নির্বাপন করে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) রাত সাড়ে এগারোটার দিকে হেমায়েতপুরের রহমান ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নীচতলায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
সাভার ফায়ার স্টেশনের পরিদর্শক মেহেরুল ইসলাম জানান, সাভারের হেমায়েতপুরে রাত সাড়ে এগারোটার দিকে ৫তলা বিশিষ্ট একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডের দোকানে হঠাৎ আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় সাভারের তেঁতুলঝোড়ার ট্যানারী ফায়ার স্টেশনের একটি ইউনিট ও সাভার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুইঘন্টা পর আগুন পুরোপুরি নির্বাপন হয়। এতে আন্ডারগ্রাউন্ডে থাকা দুইটি গোডাউন ও মালামাল ভস্মীভূত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। ভবনটির আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কাপড়ের গোডাউন ছিল বলে জানা গেছে।
প্রাথমিকভাবে তাদের ধারণা সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে। তবে তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার ও একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। আন্ডারগ্রাউন্ডে ছিল কাপড়ের গোডাউন।
অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আগুনে বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি।