তিতাসে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
৭০
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার বালুয়াকান্দিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট–২০২৫ ইং এর ফাইনাল ম্যাচ ২০ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয়ভাবে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন এলাকাবাসী।
ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মাজেদুল ইসলাম মন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জনাব ফাহিম সরকার। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে উজরাকান্দি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
এ ধরনের মাদকবিরোধী টুর্নামেন্ট তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি করে। তিনি আরও বলেন, তরুণরা মাঠমুখী হলে তারা অপরাধ ও নেশা থেকে দূরে থাকে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মাজেদুল ইসলাম মন্টু বলেন, মাদকবিরোধী আন্দোলনে খেলাধুলা একটি শক্তিশালী মাধ্যম। বালুয়াকান্দিতে এমন আয়োজন অব্যাহত থাকলে যুব সমাজ সঠিক পথে পরিচালিত হবে।
ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এলাকাবাসী এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামী দিনেও এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান।