
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৩ নংওয়ার্ড ছায়াবীথি এলাকায় শহীদ মজনু একাডেমির মাঠে তিন সহস্রাধিক অসহায়-দুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সাভার পৌর বিএনপির সহ সভাপতি আব্দুল গফুর বাবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম প্রমুখ। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম।
কম্বল বিতরণের পূর্বে সমবেতদের সম্মুখে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, শীত-দুর্যোগ-দুঃসময়ে আমরা এই অঞ্চলের অসহায়-দুস্থ মানুষদের নিয়মিত সাধ্যমতো সর্বাত্মক সাহায্য-সহযোগিতা করার চেষ্টা করছি।
প্রধান অতিথির বক্তব্যে মঈন উদ্দিন বিপ্লব বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।