গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুমিল্লার গৌরীপুর বাজারের কাঠপট্টি এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা–হোমনা সড়কসংলগ্ন কাঠপট্টিতে লাগা এই আগুনে ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের টানা আড়াই ঘণ্টার অভিযানে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কোটি কোটি টাকার মালামাল ধ্বংস হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। কাঠ, ফোম ও দাহ্য কেমিক্যালে ঠাসা দোকান থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে প্রথমে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে হোমনা ও চান্দিনা উপজেলা থেকে আরও ৬টি ইউনিট এসে যৌথভাবে অভিযানে অংশ নেয়। গোমতী নদী থেকে পানি এনে দীর্ঘ সময় ধরে আগুনের সঙ্গে লড়াই করে ফায়ার সার্ভিস।
ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে ১০টি ফার্নিচারের দোকান, ১টি ইলেকট্রিক ও এসি শোরুম, ২টি অটোরিকশা গ্যারেজ, ৪টি মুদি দোকান এবং চাল ও রমজান উপলক্ষে মজুত খেজুরের গোডাউনসহ মোট ২৫টি দোকান পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সব শেষ হয়ে গেছে। চোখের সামনে সব পুড়ে গেল।” প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, দাউদকান্দি, হোমনা ও চান্দিনা উপজেলার মোট ৯টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।