
রাজশাহী ব্যুরো
নিত্য প্রয়োজনীয় জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এবং তেল বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর এলাকার একটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো:মামুন খান।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর ১ টায় সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর এলাকায় অবস্থিত মেসার্স মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শন করেন তিনি। এ সময় ফিলিং স্টেশনের তেলের মূল্য তালিকা,মাপযন্ত্র এবং বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মামুন খান ।
এসময় পরিদর্শনকালে মো: মামুন খান সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করার নির্দেশনা দেন।পাশাপাশি কোনো ধরনের অনিয়ম,কারসাজি বা অতিরিক্ত দাম আদায় না করার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন।
তিনি বলেন,সাধারণ মানুষ যেন ন্যায্যমূল্যে জ্বালানি তেল পায় সে বিষয়টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং ভোক্তারা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগী জনসাধারণ।