লালমাই উপজেলা বাগমারা বাজারে নদী-সড়কই বর্জ্যের ভাগাড়
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
৬৪
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা লালমাই উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাগমারা বাজারে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার কোনো স্থায়ী ব্যবস্থা নেই। ফলে বাজারের সব ধরনের বর্জ্য প্রতিদিন ফেলা হচ্ছে নতুন ডাকাতিয়া নদী এবং রেলপথ ও মহাসড়কের পাশে। এতে করে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
বাজারের ব্যবসায়ী, রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচ্ছন্নতাকর্মীদের সংগ্রহ করা ময়লা প্রতিদিন বাগমারা উত্তর বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে ফেলা হচ্ছে। নতুন কেউ এ এলাকায় এলে দূর থেকে দেখে বুঝার উপায় নেই এটি একটি নদী। ময়লা-আবর্জনায় ভরে গিয়ে নদীর ওই অংশটি এখন প্রায় বর্জ্যের স্তুপে পরিণত হয়েছে। প্লাস্টিক, পলিথিন, পচা খাদ্যদ্রব্য ও নানা ধরনের বর্জ্যের কারণে চারপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ।
এছাড়া বাগমারা উত্তর বাজারের কিছু ব্যবসায়ী ও স্থানীয় সৈয়দপুর আবাসিক এলাকার বাসাবাড়ির ময়লাও ফেলা হচ্ছে আল ইসরা মাদরাসার উত্তরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে। এতে করে সড়কপাড়ে তৈরি হয়েছে আরেকটি অঘোষিত ময়লার ভাগাড়। প্রতিদিন জমতে থাকা এসব বর্জ্যে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। অন্যদিকে বাগমারা পূর্ব বাজারের ব্যবসায়ীদের বর্জ্য ফেলা হয় ঢাকা-চট্টগ্রাম রেলপথের মধ্যখানে ও পূর্বপাশে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে তিনটি অঘোষিত ময়লার ভাগাড় তৈরি হওয়ায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে আশপাশের স্কুল ও মাদরাসায় যাতায়াতকারী শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছে। ময়লার স্তুপের পাশ দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে অনেক শিক্ষার্থী চর্মরোগ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ অভিভাবকদের। তথ্য: লালমাই বার্তা।