
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজারপাড়া এলাকায় কৃষিকাজ করার সময় বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) বিকেল প্রায় ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন সাভারের বলিয়ারপুর পাচানিপাড়া গ্রামের বুদ্দু মিয়ার ছেলে দ্বীন ইসলাম (ওরফে কুদি বেপারী) এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্বাস আলীর ছেলে দুলাল। অপর একজনের পরিচয় নিশ্চিতের কাজ চলছে।
স্থানীয়দের ভাষ্য, কোন্ডা বাজারপাড়া এলাকায় একটি লাল শাকের ক্ষেত চাষাবাদ করছিলেন দ্বীন ইসলাম। শাক তোলার কাজে তিনি হেমায়েতপুর থেকে চারজন কৃষিশ্রমিক ভাড়া করে আনেন। বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস দেখা দিলে শ্রমিকদের মধ্যে দুজন কাজ ছেড়ে চলে যান। পরে দ্বীন ইসলামসহ তিনজন মাঠে কাজ চালিয়ে যাওয়ার সময় হঠাৎ বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।
ভবানীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।