
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মহানগরীর কাশিমপুরের ১নং ওয়ার্ড সচিব সুমা আক্তারের বিরুদ্ধে খাসজমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, সরকারি অনুমতি ছাড়াই তিনি সম্প্রতি ওই জমি দখলের চেষ্টা চালান।
জানা যায়, ২০১৮ সালের নির্বাচনের পর সুমা আক্তার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কাশিমপুর ১নং ওয়ার্ডের সচিব পদে যোগ দেন। সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, সচিবের পদকে ব্যবহার করে সুমা আক্তার নিয়মিতভাবে সরকারি ক্ষমতার অপব্যবহার করছেন। সম্প্রতি সরকারি খাসজমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন তিনি। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে দৈনিক সত্য প্রকাশ পত্রিকায় খবর প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশ জারি করে কাজ বন্ধ করে দেয়।
তবে স্থানীয়রা জানান, এরপরও সুমা আক্তার পুনরায় দখলের চেষ্টা শুরু করেছেন। অভিযোগ রয়েছে, তিনি কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কে ম্যানেজ’ করে পুনরায় কাজ শুরু করার তৎপরতা চালাচ্ছেন। এলাকাবাসীর প্রশ্ন—“একজন সরকারি কর্মকর্তা যদি এভাবে খাসজমি দখল করতে পারেন, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?
তারা আরও জানান, ২০১৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সুমা আক্তার তার ক্ষমতার অপব্যবহার করে অসহায় ও দরিদ্র মানুষের ক্ষতি করে আসছেন। বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে তদন্ত দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
পর্ব ৩,….