
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লার গ্রেফতারকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে—এ অভিযোগ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় স্থাপিত সেনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফর রহমান।
তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের পক্ষে নয়। আমরা সবসময় ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে এবং জনগণের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছি।”
লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান জানান, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পুলিশ ও র্যাবের সমন্বয়ে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযানে শ্রীপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ডাকাত দলের সর্দার এনামুল হক মোল্লাকে তার নিজ বাসার পানির ট্যাংকের ভেতর থেকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার আরও ছয়জন সহযোগীকেও আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি ইলেকট্রিক শট মেশিন, চারটি ওয়াকিটকি সেট, দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, একটি গোষ্ঠী এই অভিযানকে রাজনৈতিক রঙ দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তারা বলেন, সেনাবাহিনী সবসময় আইন ও সংবিধান মেনে কাজ করে, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। অপপ্রচারকারীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান আরও বলেন, এনামুল হক মোল্লার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও সন্ত্রাসমূলক মামলার রেকর্ড রয়েছে। এসব মামলার বেশ কয়েকটিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।
সংবাদ সম্মেলনের শেষে সেনাবাহিনী জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতেও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তা করার আহ্বান জানায়। সেনা কর্মকর্তারা জানান, গাজীপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।