
রাজু আহমেদ, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সংলগ্ন বেগমগঞ্জ–চন্দ্রগঞ্জ দুই থানার সীমানায় অবস্থিত একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার কবরস্থানটিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে খবর পাওয়া যায় কবরস্থানে কয়েকটি অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে ১টি রাইফেল, ১টি এলজি সহ মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে।
চন্দ্রগঞ্জ থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের সন্ধান পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে যায় এবং অস্ত্রগুলো উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে এগুলো থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
কে বা কারা এ অস্ত্রগুলো কবরস্থানে রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল—তা তদন্তের মাধ্যমে উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।