মুন্সীগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায় রবিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত তারা সদর উপজেলার লিচুতলা ও খালইস্ট এলাকায় অভিযান চালায় তারা।
এ সময় দেখা যায় এল পি গ্যাস ক্রয়ের রশিদ সংরক্ষণ করা হচ্ছে না, সরকার নির্ধারিত দাম অপেক্ষা অধিক দামে এল পি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে এবং মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।
এ ঘটনায় সদর উপজেলার লিচুতলা এলাকায় মা স্যানিটারি এর মালিক মোঃ লুতফর রহমানকে পাচ হাজার টাকা, খালইস্ট এলাকায় মেসার্স হাজী আলী ট্রেডার্স এর ম্যানেজার মোহাম্মদ রিফাতকে পাচ হাজার টাকা এবং খালইস্ট এলাকায় আই আর স্যানিটারি এর ম্যানেজার মোঃ আব্দুর রহমানকে পাচ হাজার টাকা, ৩ প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তার সাথে ছিলো জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।