নওগাঁর পত্নীতলা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল ও মোবাইলসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বটতলী হাড়িয়াপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। আটককৃত মো. মিজানুর রহমান (২৩) পত্নীতলা থানার মোল্লাপাড়া গ্রামের মো. মোখলেছর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. আবু তাহেরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৩/১৪-আর হতে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বটতলী হাড়িয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ১০৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেলসহ মিজানুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২১ হাজার ২০০ টাকা।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাকে পত্নীতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।