নিজস্ব প্রতিনিধি
নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানা পুলিশের এক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ ও তা তৈরির উপকরণসহ শ্রী নরেশ পাহান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নববর্ষের প্রথম প্রহরে নওগাঁ জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
সোমবার (১৩ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটের দিকে ধামইরহাট পৌরসভার হাটনগড় পাহার পাড়া এলাকায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন মাদক ব্যবসায়ী নরেশ পাহানের বসতবাড়িতে একটি অবৈধ চোলাইমদ তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। অভিযানের সময় সেখান থেকে ৩০০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) জব্দ করা হয়। ৫ লিটার প্রস্তুতকৃত তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
কারখানায় থাকা বিপুল পরিমাণ চোলাইমদ ঘটনাস্থলেই ধ্বংস করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী শ্রী নরেশ পাহান (৪০), ধামইরহাট পৌরসভার হাটনগড় গ্রামের মৃত চৈতা পাহানের ছেলে। ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।