
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথর ঘাটায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ ‘কাকন বাহিনী’র এক চিহ্নিত সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল রোববার সন্ধ্যায় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মমিনুল হক ওরফে সওদাগর রায়টা পাথরঘাটা এলাকার মো. ইনার আলী মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল ভেড়ামারার রায়টা পাথরঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সওদাগরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ১টি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পদ্মা নদী তীরবর্তী রায়টা পাথরঘাটা এলাকায় অবৈধ বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই অপরাধী চক্রের তৎপরতা দেখা যায়। এই গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরবে বলে আশা করছেন তাঁরা।